কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মর্নিং ওয়াক করতে বের হয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে টঙ্গী–ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নিহত শিক্ষকের নাম কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার নাগরী এলাকায়। তিনি ওই এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কমল খ্রীষ্টফার রোজারিও। হাঁটার একপর্যায়ে তিনি নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



