কালীগঞ্জে হোমিওপ্যাথি সেবা কেন্দ্রে এলোপ্যাথিক চিকিৎসা, লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে হোমিওপ্যাথি সেবা কেন্দ্রে এলোপ্যাথিক চিকিৎসা, লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে একটি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কেন্দ্রে সনদের শর্ত লঙ্ঘন করে এলোপ্যাথিক চিকিৎসা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাসাইর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

উপজেলা প্রশাসন জানায়, বাসাইর বাজারে অবস্থিত ‘সেবা ফার্মেসি’ নামের একটি হোমিওপ্যাথিক সেবা কেন্দ্রে হোমিওপ্যাথিক সনদধারী চিকিৎসক উত্তম কুমার দত্ত দীর্ঘদিন ধরে সনদের শর্ত লঙ্ঘন করে এলোপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন। এছাড়াও সেখানে মেয়াদোত্তীর্ণ এলোপ্যাথিক ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় উত্তম কুমার দত্তকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য : এর আগে মেয়াদোত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।

আরো জানতে…

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি, চার ফার্মেসিকে জরিমানা