গাজীপুর

গাজীপুর জনসভা মঞ্চে তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা : গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৪২ মিনিটে তিনি সভা মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

জনসভার মঞ্চে গাজীপুর জেলার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তারা হলেন—গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের এস. এম. রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সঞ্চালকের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। সেখানে সার্কিট হাউজ মাঠে জনসভা শেষে রাতে তিনি গাজীপুরের রাজবাড়ী মাঠে এসে নির্বাচনী জনসভায় যোগ দেন।

এর মধ্য দিয়ে ২০০৫ সালের পর প্রায় ২০ বছর বাদে গাজীপুর সফরে এলেন বিএনপি চেয়ারম্যান।

সমাবেশকে কেন্দ্র করে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিকেল থেকেই নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে রাজবাড়ী মাঠে জড়ো হন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস ও অন্যান্য যানবাহনে করে দলীয় নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।

বিকেল পাঁচটার পর রাজবাড়ী মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের পর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। ওই দিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সাতটি সমাবেশে বক্তব্য দেন।

পরে গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় দফার প্রচারণা শুরু করেন তিনি। ওই দিন চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।

তৃতীয় দফার প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার ময়মনসিংহ ও গাজীপুরে সমাবেশ শেষে রাতে ঢাকার উত্তরা এলাকায় আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল সাংবাদিকদের বলেন, ‘২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরে এসেছেন। এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন।’

তিনি জানান, ওই প্রতিনিধি সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ প্রায় তিন হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সে সময় বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আবদুল মান্নান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

ওই প্রতিনিধি সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিএনপির তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button