প্রচারে ‘বাধা ও হুমকি’ দিচ্ছে বিএনপি: মান্না

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বগুড়া-২ আসনে বিএনপির কর্মী ও সমর্থকরা প্রচারে ‘বাধা ও হুমকি’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জেলার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি জোটের প্রার্থী হতে চাওয়া মান্না।
তার অভিযোগ, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। ঋণ খেলাপি থেকে শুরু করে সবকিছুই বিএনপি মনোনীত প্রার্থী করেছেন। বগুড়ায় প্রার্থিতা যাচাই-বাছাইকালে ‘মব’ তৈরি করে প্রার্থিতা বাতিল করা হয়।
“অথচ একই কাগজপত্রে ঢাকা-১৮ আসনে প্রার্থীতা বৈধ হয়েছে। তাহলে বুঝুন এখানে কী করা হয়েছে। অগাস্টে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে শিবগঞ্জ মামলা বাণিজ্য করা হয়েছে। যারাই আমার হয়ে কাজ করেছে তাদের হুমকি ও মামলায় জড়ানো হয়েছে।”
আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে দীর্ঘদিন বিএনপির সঙ্গে থাকা নাগরিক ঐক্যের প্রার্থী মান্নাকে প্রথমে বগুড়া-২ আসনে ছেড়ে দিয়েছিল বিএনপি। জোটের প্রার্থী করার কথা বলা হয়েছিল। তবে পরে এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মীর শাহে আলম প্রার্থিতা প্রত্যাহার করেননি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন তিনি।
মান্না কেটলি প্রতীক নিয়ে ব্গুড়ার এ আসনের পাশাপাশি ঢাকা-১৮ আসনেও প্রার্থী হয়েছেন।
অভিযোগের বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সংবাদ মাধ্যমকে বলেন, মান্না হেরে যাবেন এবং জামানত হারাবেন বলে বিএনপির ওপর দোষ চাপাচ্ছেন। জোটের মনোনয়ন না পেয়ে বিএনপির ওপর ক্ষেপেছেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নে মান্না বলেন, বিএনপির প্রার্থী (মীর শাহে আলম) এসব করাচ্ছে। শুরুতে বিএনপির সঙ্গে সমঝোতার বিষয় ছিল।
“তারা আমাকে এ আসনে প্রার্থী ঘোষণাও করেছিল। কিন্তু তারা আবার আরেকজনকে (মীর শাহে আলম) মনোনয়ন দিল। প্রত্যাহারের কথা থাকলেও তারা তা করেনি। এখন সেই প্রার্থীর লোকজনই আমার প্রচারণায় বাধা দিচ্ছে। মহিলারা প্রচারে বের হলে তাদের হুমকি দিচ্ছে। তারা ভয়ে প্রচারণায় বের হচ্ছে না।”
এমন অবস্থায় সবার জন্য সমান সুযোগ ফিল্ডের নির্বাচনে থাকবেন কি না এমন প্রশ্নে মান্না বলেন, “সুষ্টু নির্বাচনের আশা করি। এই অবস্থা দেখে এখনি কিছু বলা যাবে না। তবে অবশ্যই প্রশাসনকে এবিষয়ে নজর দিতে হবে।”
শিবগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রচারে বাধা দেওয়ার বিষয়ে থানা পুলিশ কিছু জানে না। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।
সংবাদ সম্মেলনে মান্নার ভাই মুশফিকুর রহমান আন্না, নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা কমিটির সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা, সদস্য মশিউর রহমান পিয়াল, নাগরিক পার্টি শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এনামুল হক সরকার উপস্থিত ছিলেন।
সূত্র: বিডিনিউজ



