গাজীপুর কণ্ঠ ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন।
রোববার রাত প্রায় ১০টার দিকে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনার সময় তিনি গুলিবিদ্ধ হন।
নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোনে কর্মরত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসীদের অবস্থানের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করলে সেনাসদস্যরাও পাল্টা জবাব দেন। সংঘর্ষের একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয় বলে জানায় সেনাবাহিনী। এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে গোলাগুলির মধ্যে বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, চার জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ অর্থ।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মো. হাবিবুর রহমান রুমা জোনের একজন দায়িত্বশীল সিনিয়র জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) ছিলেন। দায়িত্ব পালনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) পেয়েছিলেন।
তবে অভিযান ও হতাহতের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করা হয়নি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন,“এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।”



