কালীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, জামায়াতের প্রতিনিধিকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ধর্মীয় অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্র জানায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহান সাধু আন্তনী উপলক্ষে নাগরী ইউনিয়নের পানজোরা সেন্ট অ্যান্থনি’স চার্চে হাজারো মানুষের সমাগম ঘটে শুক্রবার সকাল থেকে। এ উপলক্ষে চার্চে আগত ও ফেরত যাওয়া মানুষের মধ্যে শুভেচ্ছা জানাতে এবং পানি বিতরণের জন্য জামায়াতে ইসলামী একটি ‘সেবা কেন্দ্র’ স্থাপন করে। সে সময় জামায়াতের নেতা-কর্মীরা ধর্মপ্রাণ মানুষের হাতে পানির বোতল তুলে দেন। পাশাপাশি তারা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসানের পক্ষে ভোট প্রার্থনাও করেন।

ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ ওঠে এ ঘটনায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।
পরে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে জামায়াতে ইসলামীর কালীগঞ্জ শাখার আইনবিষয়ক কমিটির প্রধান ও নরুন এলাকার বাসিন্দা আইনজীবী লুৎফর রহমান প্রধানকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ২৭(ক) ধারায় এই জরিমানা করা হয়েছে।



