যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, সম্পূরক শুল্ক নামল ১৯ শতাংশে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, সম্পূরক শুল্ক নামল ১৯ শতাংশে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নয় মাসের দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ; যাতে আগের চেয়ে শুল্কহার কমেছে ১ শতাংশ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে এ বিষযে চুক্তি সই হওয়ার খবর দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এতে বলা হয়, নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন পারস্পরিক শুল্ক দিতে হবে ১৯ শতাংশ। এতে করে মোট শুল্কহার আগের ৩৫ শতাংশ থেকে কমে হবে ৩৪ শতাংশ।

এ চুক্তি নিয়ে কিছুদিন থেকে বেশ আশাবাদী ছিল সরকার। যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত সম্পূরক শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে আনতে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বেশ কিছু ছাড় দেয় সরকার। যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনাসহ আরও পণ্য কিনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধধ্যে গম আমদানি বাড়ানো হয়েছে। তুলাসহ আরও পণ্য আমদানি বাড়ানোর প্রক্রিয়া চলছে।

এসব উদ্যোগের মধ্যে সোমবার রাতে চুক্তির খবর দিল সরকার; যাতে শেষ পর্যন্ত ১ শতাংশ শুল্ক কমায় ট্রাম্প প্রশাসনের মন খুব বেশি গলানো যায়নি বলে ধারণা করা হচ্ছে।

তবে অন্তর্বর্তী সরকারের আশা, এ চুক্তিতে শুল্কহার খুব বেশি না কমলেও এর বাইরে দেশটির বাজারে আরও কিছু বাড়তি সুবিধা পাবে বাংলাদেশি পণ্য।

প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে এ চুক্তি সই হয়। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সই করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ২০২৫ সালের ২ এপ্রিল শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্কের ঘোষণা আসে।

পরে দর কষাকষি করে এ হার ২০ শতাংশ নামে, যা ১ অগাস্ট কার্যকর হয়। আর আগে থেকেই বাংলাদেশি পণ্যে ছিল ১৫ শতাংশ শুল্ক; সব মিলিয়ে শুল্ক দাঁড়ায় ৩৫ শতাংশ।

বাড়তি এ শুল্ক আরোপের পর থেকে অন্তর্বর্তী সরকার টানা নয় মাসের বেশি সময় ধরে তা কমিয়ে এনে চুক্তি করতে আলোচনা চালিয়ে আসছে।

সূত্র: বিডিনিউজ