গাজীপুর কণ্ঠ ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে জানান, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৯৪টি আসনে সদস্য নির্বাচনের ওই ভোটের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বর্তমানে শুধু মেডিকেল এবং ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে খুব দ্রুত পর্যটন ভিসাসহ অন্য সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়। জরুরি চিকিৎসাসংক্রান্ত কিছু ভিসা চালু রাখা হলেও অনেক রোগী সময়মতো ভিসা পাননি বলে অভিযোগ ওঠে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশও পাল্টা ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ আরোপ করে।
তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য ট্যুরিস্টসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। একই সঙ্গে ভিসা পরিষেবা সহজ করতে ভারতীয় কর্তৃপক্ষও সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন অনিরুদ্ধ রায়।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড