নিজস্ব সংবাদদাতা : শিল্পপ্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসা মাদকের রমরমা কারবারে অবশেষে লাগাম পড়াল পুলিশ। কালীগঞ্জের ঘোনাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘোনাপাড়ার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতর থেকে প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান বোঝাই বিদেশি বিয়ার জব্দ করে পুলিশ।
প্রতি কার্টনে ২৪টি করে রাখা অন্ততঃ ৪২টি কার্টন উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের অনুমান, এই শিল্পপ্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে বহু দিন ধরেই গোটা কালীগঞ্জ এলাকায় মাদক সরবরাহের কাজ চলে আসছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যই শেষ পর্যন্ত এই অভিযানকে সফল করে তুলেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের পর জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির তত্ত্বাবধায়ক মেহেদি, পিকআপ চালক এবং মাদক বোঝাইয়ের সঙ্গে যুক্ত এক শ্রমিককে হেফাজতে নিয়েছে পুলিশ।
এই ঘটনার পর থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের হাওয়া বইছে। গ্রেফতারের ভয়ে অনেকেই গা-ঢাকা দিয়েছেন বলে জানা গিয়েছে।
তবে উদ্বেগের বিষয় অন্যত্র। ঘটনার পরপরই স্থানীয় দলীয় একাধিক প্রভাবশালী নেতা নানা পথে তদবির শুরু করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য একটাই — মাদকের উৎস যেন আড়ালেই থেকে যায়, আর হেফাজতে থাকা ব্যক্তিদের যেন ছেড়ে দেওয়া হয়। এই তদবির নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযান সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”