ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই বিমানবন্দর ও বিখ্যাত বুর্জ আল আরব হোটেলে ক্ষয়ক্ষতি

ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই বিমানবন্দর ও বিখ্যাত বুর্জ আল আরব হোটেলে ক্ষয়ক্ষতি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার আঁচ এসে পড়ল উপসাগরীয় দেশগুলিতেও। রাতভর চলা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আমিরশাহির অন্যতম গর্বের প্রতীক বুর্জ আল আরব হোটেলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। শুধু মার্কিন ঘাঁটি নয়, এবার হামলার নিশানায় গোটা উপসাগরীয় অঞ্চল।

দুবাইয়ের মিডিয়া দফতর জানিয়েছে, বিমানবন্দরের একটি কনকোর্সে সামান্য ক্ষতি হয়েছে, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে। একটি ড্রোন ভূপাতিত করা হলে তার ধ্বংসাবশেষ থেকে বুর্জ আল আরবের বাইরের দেওয়ালে আগুন লাগে, যদিও তা পরে নিভিয়ে দেওয়া হয়।

১৯৯৯ সালে জুমেইরা সৈকতের কাছে কৃত্রিম দ্বীপের উপর গড়ে ওঠা পালতোলা জাহাজের আকৃতির এই হোটেলটি বিশ্বমানচিত্রে দুবাইয়ের বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত। শনিবার শহরের কৃত্রিম দ্বীপ পাম জুমেইরায় আরও একটি হোটেলের কাছে আগুন লাগার খবরও পাওয়া গিয়েছে।

এদিকে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনায় এক এশীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং সাত জন আহত হয়েছেন বলে আবুধাবি এয়ারপোর্টস কর্তৃপক্ষ এক্স-এ পোস্ট করে। পরে সেই পোস্ট মুছে ফেলা হয়। দুবাইয়ের জেবেল আলি বন্দরেও আকাশ প্রতিরক্ষার ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায় একটি বার্থে।

ইরান আবুধাবি, দুবাই এবং কাতারের দোহায় ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানা গিয়েছে। পূর্ব-পশ্চিম বিমান চলাচলের তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই হামলার কবলে পড়ায় বিপাকে পড়েছে গোটা বিশ্বের বিমান পরিষেবা। শনিবার থেকেই দুবাই ও আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে বিমান চলাচল বন্ধ রেখেছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। ফ্লাইট ট্র্যাকিং মানচিত্রে দেখা গিয়েছে, গোটা অঞ্চলের আকাশপথ কার্যত ফাঁকা।

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু দুবাইয়ে এই হামলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সঞ্চার করেছে।