গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের গাছা খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নিমতলী বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের পরিবেশ ও কৃষি উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং পরে বেগম খালেদা জিয়া পুনরায় চালু করেন।

মন্ত্রী আরও বলেন, গাজীপুর এখন ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তাই খাল-নদী দখল ও দূষণ বন্ধ করে জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শিল্পকারখানাগুলোকে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
খাল রক্ষণাবেক্ষণ ও পর্যটন সম্ভাবনার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, খাল খনন শুধু শুরু করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সবুজায়নের দিকেও মনোযোগ দিতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। উদ্বোধন শেষে মন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাছা খাল পুনঃখনন টঙ্গী-গাছা এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উদ্যোগে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে বলে তিনি জানান। খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।