সাবেক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সাবেক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনা মহানগরে সাবেক এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ৩০ বছর বয়সী রাশিদুল আনাম রাশু দৌলতপুরের দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে এবং দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা সংবাদ মাধ্যমকে বলছেন, যে যায়গায় এ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে তার পাশেই ফায়ার সার্ভিসের অফিস রয়েছে। এর উল্টো পাশে খুলনা কৃষি কলেজ। সেখানে তেলের মিল ও প্রায় দশটি দোকান রয়েছে। ঘটনার সময় আশপাশে লোকজন ছিল।

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমকে বলেন, রাশু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে তার ইট-বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে রাশুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি যুবদলের সঙ্গে যুক্ত হন। তবে কোনো পদে ছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।