বিশেষ প্রতিনিধি : গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া দায়িত্ব গ্রহণের শুরুতেই কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন — অযাচিত তদবির চলবে না, প্রোটোকলের বাড়াবাড়ি চলবে না এবং পরিবেশ ধ্বংসে কোনো ছাড় নেই।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, বালি উত্তোলন, মাটি কাটা এবং গাছ নিধন — এই তিনটি বিষয়ে কোনো তদবির তিনি গ্রহণ করবেন না।
তিনি বলেন, বন ও মাটি কেটে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করা এবং অযাচিতভাবে বালি ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজীপুরবাসীকে জানিয়ে দিন — বালি, মাটি, গাছ এই তিনটি বিষয়ে জেলা প্রশাসকের “না” আছে।’
স্কুল, কলেজ বা যেকোনো প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করানো বা ফুলেল শুভেচ্ছা জানানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেন তিনি।
প্রতিষ্ঠানপ্রধানের আসন তাঁর জন্যই বরাদ্দ থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে সম্মান দেখাতে চাইলে পাশে একটি সাধারণ চেয়ারের ব্যবস্থা করলেই যথেষ্ট।’
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে যাবেন জানিয়ে তিনি বলেন, তাঁর জন্য বিশেষ চেয়ার, তোয়ালে বা বিশেষ কাপড়ের ব্যবস্থা করার প্রয়োজন নেই। মসজিদ, মন্দির বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর জন্য আলাদা স্থান বরাদ্দ রাখতে হবে না।
তবে ব্যক্তিগত বা পারিবারিক কোনো অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না বলে জানিয়ে দেন।
নূরুল করিম ভূঁইয়া বলেন, তিনি তদবির করে গাজীপুরে আসেননি, তাই অযাচিত কোনো তদবিরও তিনি শুনবেন না।
‘গাজীপুরবাসীর কাছ থেকে এ ধরনের তদবির আমি প্রত্যাশা করি না’ — বলেন তিনি।
মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য মো. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, নাসির আহমেদ, মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সাংবাদিক রেজাউল বারী বাবুল ও আজিজুর রহমান আজিজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।