অবশেষে চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরল পূবাইলের ২৫ নারী-পুরুষ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের বালু নদীর বিভিন্ন স্পটে ভাসমান ডিঙি নৌকায় গড়ে উঠা দেশি বাংলা মদ (চোলাই মদ) তৈরির কারখানা ছেড়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করেছে সাতানীপাড়া এলাকার ২৫ নারী-পুরুষ।

সোমবার দুপুরে তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের হল রুমে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আনোয়ার হোসেন।

অন্যনার মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: মোমেন মিয়া, পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ বাক্য পাঠ করেন।

পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন তার বক্তব্যে চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে আসা নারী-পুরুষদের স্বাভাবিক জীবনে ফিরে যাবার জন্য যোগ্যতা অনুযায়ী চাকুরীসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: মোমেন মিয়া জানান, প্রায় ৩০/৩৫ বছর যাবৎ সাতানীপাড়া এলাকার বাসিন্দারা চোলাই মদ প্রস্তুত ও বিক্রি করে আসছিল। প্রায় দুইমাস আগে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। এরপর চোলাই মদ প্রস্তুত ও বিক্রয়কারী কয়েকজন তার সাথে যোগাযোগ করে এবং তারা এ পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরার আসার আগ্রহ প্রকাশ করে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান বলেন, সাতানীপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে চোলাই মদ প্রস্তুত ও বিক্রয়কারী ২৫ জন নারী-পুরুষ পুলিশ কমিশনারের নিকট আত্মসমর্পন করেন। এ সময় তারা মদ তৈরিসহ সকল প্রকার মাদক ব্যবসা থেকে বিরত থেকে স্বাভাবিক জীবন যাপন করার শপথ করেন।

তিনি আরো জানান, এর আগে গত রোববার দুপুরে একইভাবে গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় শতাধিক নারী পুরুষ চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছিলেন।

 

এ সংক্রান্ত আরো জানতে….

মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন শতাধিক নারী-পুরুষ

পূবাইলে ‘গড়ে উঠা’ চোলাই মদের কারখানা গুড়িয়ে দিয়েছে পুলিশ

পূবাইলে বালু নদীতে ভাসমান ডিঙি নৌকায় গড়ে উঠেছে দেশি মদের কারখানা(ভিডিও)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button