গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে একজন মা ও তাঁর দুই বছর বয়সী শিশুপুত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তাঁর ছেলে রুদ্র দাস (২)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, সকালে রাজেন্দ্রপুর এলাকার রেললাইনে মিতি রানী দাস ও তাঁর ছেলে রুদ্র দাস ট্রেনের নিচে কাটা পড়েন। মিতি রানী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শিশু রুদ্রকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এসআই কাইয়ুম আলী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। মা ও শিশু ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।