যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক পর্যায়ের চারটি সূত্র এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে

রয়টার্স 

যুক্তরাষ্ট্র, ইরান এবং একদল আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ একটি সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক পর্যায়ের চারটি সূত্র এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

আলোচনায় দুই ধাপের একটি প্রস্তাব রয়েছে বলে জানা গেছে।

প্রথম ধাপ: ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এই সময়ের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসানের শর্তাবলি নিয়ে আলোচনা চলবে। প্রয়োজন হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।

দ্বিতীয় ধাপ: আলোচনার ভিত্তিতে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া হবে।

এই আলোচনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছেন। রোববার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। অন্যথায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হবে।

রয়টার্স জানিয়েছে, অ্যাক্সিওসের প্রতিবেদনটি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।