গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশের সামরিক বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে সক্ষম। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক আলোচনায় রাজি হতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
ট্রাম্প বলেন, “এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর মঙ্গলবার রাতেই সেটা হতে পারে।”
মার্কিন প্রেসিডেন্ট তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ রোববার এক সংক্ষিপ্ত পোস্টে লিখেছিলেন — ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’
এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময়ে তখন হবে বুধবার ভোর সাড়ে ৩টা। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার সকাল ৬টা।
সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করেন যে ইরান যে প্রস্তাব দিয়েছে তা যথেষ্ট নয় এবং এই আলটিমেটামই চূড়ান্ত।
ট্রাম্প জানান, ইরান আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা অব্যাহত রাখবে।
“আর যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো সেতু থাকবে না। কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। কিছুই থাকবে না,” — বলেন তিনি। তবে একই সঙ্গে ট্রাম্প এটাও জানান যে যুক্তরাষ্ট্র এর বেশি এগোতে চায় না, কারণ আরও বড় কিছু বিষয় বিবেচনায় রয়েছে।
ইরানের তেলসম্পদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সুযোগ থাকলে তিনি সেখান থেকে তেল নিয়ে আসতেন। তবে তিনি স্বীকার করেন, মার্কিন জনগণ চায় যুদ্ধ শেষ করে দেশে ফিরতে।
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তার ভাষায়, “তারা হলো উন্মাদ, আর উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না।”
ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধার অভিযানকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। তিনি জানান, এই অভিযানে ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে।
বিমান বিধ্বস্ত প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি ছিল একটি ‘লাকি শট’ — ভাগ্যক্রমে গুলি লেগেছিল। তবে তিনি স্বীকার করেন যে, “এই মুহূর্তে হয়তো আমাদের বেশ কিছু হেলিকপ্টারে তাদের গুলির দাগ আছে।”
ট্রুথ সোশ্যালে দেওয়া আগের একটি পোস্টে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবিতে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন ট্রাম্প। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টির গুরুত্ব বোঝাতেই এটি করেছিলেন।
“আমার ধারণা, আপনারা শব্দটা আগেও শুনেছেন,” — বলেন তিনি।
সূত্র: আল–জাজিরা