গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলে। তার জায়গায় কালীগঞ্জ সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে বিবেচিত হবেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৬তম ব্যাচে ১৬তম স্থান অধিকারী কর্মকর্তা শেখ মুত্তাজুল ইসলাম ২০২৫ সালের ১৮ অক্টোবর গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং এখনো সেখানে কর্মরত আছেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
এর আগে তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাব-১৪–এ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জে এবং সহকারী পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির গুলশান ও রমনা ট্রাফিক বিভাগ, ঢাকা ক্যান্টনমেন্ট জোন ও এসপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ২০ এপ্রিল কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। তার নিজ জেলা টাঙ্গাইল।