ইসলামাবাদেই আগামী দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে: ট্রাম্প

ইসলামাবাদেই আগামী দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে: ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমে বলেন, আলোচনা চলছে, তবে একটু ধীরগতিতে। পরে ইউরোপে বৈঠকের সম্ভাবনার কথা জানান। তবে আধা ঘণ্টার মধ্যে তিনি আবার ফোন করে জানান, ইসলামাবাদেই আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি।

ইসলামাবাদকে পছন্দের কারণ হিসেবে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ”ফিল্ড মার্শাল দারুণ কাজ করছেন। তিনি ভারতের সঙ্গে যুদ্ধ শেষ করেছেন, তিন কোটি মানুষকে বাঁচিয়েছেন।”

গত বছর ভারত-পাকিস্তান সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মাত্র চার দিনে যুদ্ধবিরতি হয়েছিল। সেই সূত্রেই আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

চলতি সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা ফলপ্রসূ হয়নি। সেখানে যুক্তরাষ্ট্র ইরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে বলেছিল বলে জানা গেছে।

তবে ট্রাম্প এই প্রস্তাবের সঙ্গে একমত নন। তিনি বলেন, ”আমি সব সময় বলেছি, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ২০ বছরের বিরতি আমার পছন্দ নয়। আমি চাই না ইরান মনে করুক যে তারা জিতে গেছে।”

আলোচনায় ইরানের প্রতিনিধিদলের সদস্য মোহাম্মদ মারান্দি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ”ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা গ্রহণযোগ্য নয়। অবরোধে ইরানের অবস্থান বদলাবে না।”

তবে আলোচনার আয়োজনে সহায়তাকারী অবসরপ্রাপ্ত পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ সাঈদ জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে তেহরান কিছুটা নমনীয়তা দেখিয়েছে। তবে শর্ত হলো, যেকোনো সমঝোতাকে ইরানের জনগণের কাছে আত্মসমর্পণ হিসেবে যেন না দেখায়।

দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে কে অংশ নেবেন, তা ট্রাম্প নিশ্চিত করেননি। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজে আলোচনায় অংশ নেবেন না।