গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের স্বপ্ন দেখিয়েও শেষমেশ হতাশায় ডুবেছে বাংলাদেশ। সাইফ হাসান, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের লড়াকু ইনিংস সত্ত্বেও ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবে টাইগাররা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুতে একটু চাপে পড়লেও হেনরি নিকোলস ও উইল ইয়ংয়ের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। সপ্তম ওভারে শরিফুল ইসলাম নিক কেলিকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন।
পরে রিশাদ হোসেন ইয়ংকে (৩০) এবং মেহেদী হাসান মিরাজ টম ল্যাথামকে আউট করলে মোমেন্টাম কিছুটা বাংলাদেশের দিকে ঝুঁকে। নিকোলসকেও রিশাদ ফিরিয়ে দেন।
শেষদিকে ডিন ফক্সক্রফট অর্ধশতক তুলে দলকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে পৌঁছে দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ও রিশাদ দুটি করে উইকেট নেন, তাসকিন আহমেদও দুটি শিকার করেন।
জবাবে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত ফিরে যান।
এরপর সাইফ হাসান (৭৬ বলে ৫৭ রান) ও লিটন দাস (৬৮ বলে ৪৬ রান) তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। সাইফের বিদায়ের পর লিটনও ফিরলে চাপ বাড়ে।
তাওহীদ হৃদয় আফিফ হোসেনকে নিয়ে চেষ্টা চালালেও আফিফ ধীরগতির ২৭ রান করে আউট হন। মিরাজও খুব বেশি সুবিধা করতে পারেননি।
হৃদয়ের ৫৫ রানের ইনিংস দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষপর্যন্ত টার্গেটের নাগাল পায়নি বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার আগেই টাইগাররা হার মেনে নেয়।
সিরিজের পরের ম্যাচে টাইগারদের সামনে সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর।