শ্রীপুরে শীতলক্ষ্যার পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

শ্রীপুরে শীতলক্ষ্যার পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গোসিঙ্গা মেরিনা আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী এলাকার শ্যামল মোড়লের মেয়ে সুবর্ণা আক্তার (১৭) ও একই এলাকার মিলন মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার মিম (১৬)। তারা গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

 

ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে সুবর্ণা আক্তার ও মার্জিয়া আক্তার মিম সহ কয়েকজন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। নদীর কিনারায় গোসল করার এক পর্যায়ে সুবর্ণা ও মার্জিয়া নদীর পানিতে ডুবে যায়।

এ সময় মার্জিয়ার ছোট বোন হামিদা বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে তাদের স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সুবর্ণার লাশ উদ্ধার করে।

কিন্তু মার্জিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি দল খবর দেয়া হয়। খবর পেয়ে ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সন্ধ্যা ৭টার দিকে মার্জিয়া মীমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম সংবাদ মাধ্যমকে জানান, ডুবুরির একটি দল ঘটনাস্থলে পৌঁছে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ওই স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে মার্জিয়া মীমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা মৃত অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে।