গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো থেকে তেহরান ও ওয়াশিংটন যৌথভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) সংগ্রহ করব। আমরা ইরানের সঙ্গে খুব ধীরেসুস্থে সেখানে যাব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন শুরু করব… এরপর সেগুলো আমরা যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ। তেহরান এর আগে বারবার জোর দিয়ে বলেছে যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তারা কখনোই ত্যাগ করবে না।
এর আগে ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলা’ উল্লেখ করে দাবি করেন, ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে।পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।