গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের চেষ্টা করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা।
এক এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এক ব্যক্তি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে। সুরক্ষা সরঞ্জাম দিয়ে ঘেরা এক এলাকায় গুলির এ ঘটনা ঘটে। ওই এজেন্ট অক্ষত আছেন।
নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে। সে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে। এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার প্রায় আধ ঘণ্টা পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “এক গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসিতে অসাধারণ একটি সন্ধ্যা ছিল। সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারীরা চমৎকার কাজ করেছে।”
পরে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, বন্দুকধারীর কাছে বেশ কয়েকটি অস্ত্র ছিল, সিক্রেট সার্ভিসের ‘কিছু অত্যন্ত সাহসী সদস্য’ সেগুলো সরিয়ে নিয়েছে।
তিনি বলেন, সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে খুব কাজ থেকে গুলি করা হয়েছিল, কিন্তু বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে তিনি রক্ষা পান।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন
এই গুলিবর্ষণের সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “তেমনটা মনে হয় না।”
তিনিই লক্ষ্যস্থল ছিলেন কি না, এ প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার ধারণা।”
তিনি জানান, সন্দেহভাজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছে আর তদন্তকারীদের ধারণা সে একাই এ কাজ করেছে আর তিনি নিজেও এমনটিই মনে করেন।
যে ঘরে নৈশভোজের আয়োজন করা হয়েছিল সেটি খুব নিরাপদ ছিল বলে জানান তিনি।

ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান
ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে আবার আয়োজন করা হবে।
বিবিসির ওয়াশিংটন প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, গুলির শব্দের পর নৈশভোজে উপস্থিত অতিথিরা টেবিলের নিচে গিয়ে আশ্রয় নেন আর অনুষ্ঠানস্থলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
নৈশভোজে উপস্থিত বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, তারা বুকে হেঁটে টেবিলের তলায় চলে যান, তাদের মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে তারা এমনভাবে আছেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বন্দুকধারীর ছোড়া গুলিগুলোর মধ্যে একটি উর্দি পরিহিত এক কর্মকর্তাকে আঘাত করেছে, তিনি জীবন রক্ষাকারী বর্ম পরা ছিলেন। সিক্রেট সার্ভিসের আহত এ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সন্দেহভাজন বন্দুকধারীকেও স্থানীয় একটি হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। তার বয়স ৩১ বছর।