কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জে আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আবদুল জব্বার (৫৫) নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। 

রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল জব্বার কিশোরগঞ্জের বাজিতপুর থানার পাটুলী এলাকার সাইদ মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জে ভাড়া বাসায় থেকে ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল জব্বার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ফেরি করে পণ্য বিক্রি করতেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তুমুলিয়া এলাকা থেকে রেললাইন ধরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে আসছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল অতিক্রম করছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। দুই দিক থেকে একসঙ্গে দুটি ট্রেন আসতে দেখে আবদুল জব্বার দিকবিদিক হারিয়ে ফেলেন এবং কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।