বিশেষ প্রতিনিধি
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি সোমবার (১৮ মে) সকাল থেকে পালন শুরু করেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব কটি গেটে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামেন।
রবিবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন ভিসির প্রবেশ ঠেকাতে সব কটি গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন। ‘লাল কার্ড’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে নবনিযুক্ত ভিসির আগমনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের অপর একটি অংশ তথা ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং একটি মোটরসাইকেল ও কিছু আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে ‘ব্লকেড কর্মসূচি’ পালনের ঘোষণা দেন। তারা তিন দফা দাবিতে বিক্ষোভ করেন—ভিসি হিসেবে ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ এবং রবিবারের হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার।
এর আগে আন্দোলনকারীরা নতুন ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে দেন।

বেলা ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা রবিবারের সংঘর্ষের ঘটনায় দায়ী ছাত্রদলের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এবং সংঘর্ষে আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খরচে চিকিৎসার দাবি জানান।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, তিন দফা দাবি না মানলে ‘ব্লকেড কর্মসূচি’ অব্যাহত রেখে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভিসি রবিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তবে ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে তিনি পার্শ্ববর্তী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অবস্থান নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ খসরু মিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারিভাবে ভিসি নিয়োগ হয়েছে, তাই তাঁরা নবনিযুক্ত ভিসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি তাঁদেরও ছিল।
তিনি জানান, রবিবারের সংঘর্ষে অন্তত ২১ জন ছাত্র আহত হয়েছেন, যা কাম্য ছিল না। শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি যৌক্তিক বলেও উল্লেখ করেন। আন্দোলনের পেছনে কিছু শিক্ষকের ইন্ধন আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন এবং অচলাবস্থা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিকেলে ডুয়েট শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রবিবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামী ছাত্রশিবির ডুয়েটে হামলা চালিয়েছে। তাঁরা এই ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ডুয়েট শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ডুয়েটে চলমান আন্দোলনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অবস্থান সংকটকে আরও জটিল করে তুলেছে। রবিবারের সংঘর্ষের দায় নিয়ে দুই সংগঠন পরস্পরকে অভিযুক্ত করছে।