কলম্বিয়ায় সশস্ত্র দলগুলোর মধ্যে সংঘর্ষে নিহত ৫২

কলম্বিয়ায় সশস্ত্র দলগুলোর মধ্যে সংঘর্ষে নিহত ৫২

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোকেন উৎপাদন ও পাচারের অঞ্চলের নিয়ন্ত্রণে নিতে সংঘর্ষে জড়ানো দুই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র দলের অন্তত ৫২ জন গেরিলা যোদ্ধা নিহত হয়েছে।

এই লড়াইয়ে জড়িত রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) একটি উপদল বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বলে খবর রয়টার্সের।

কলম্বিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াভিয়ারে বিভাগের বারাঙ্কো কলোরাডো গ্রামের কাছে জঙ্গলগুলোতে দুপক্ষের মধ্যে এ লড়াইটি হয়।

আগামী রোববার কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দেশটির বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর একজন উত্তরাধিকারী নির্বাচিত করবে কলম্বিয়ানরা। তার আগে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে তীব্র এ সহিংসতার ঘটনাটি ঘটল।

পেত্রো তার মেয়াদকালজুড়ে দেশটির অসংখ্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বাস্তবায়নে হিমশিম খেয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে ওই অঞ্চলটিতে লড়াই হওয়ার কথা নিশ্চিত করেছেন। কলম্বিয়ার সেনাবাহিনীও ঘটনাটি নিশ্চিত করেছে। কিন্তু তারা কেউ ওই লড়াইয়ে কতোজন নিহত হয়েছে তা জানায়নি।

সানচেজ জানিয়েছেন, বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

গেরিলা দলগুলো লড়াইয়ে ৫২ জনের মৃত্যুর কথা জানালেও রয়টার্স তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ইভান মরদিস্কো নামে পরিচিত নেস্টর গ্রেগরিও ভেরা ও কালারকা কর্দোবা নামে পরিচিত আলেকজান্দার দিয়াজ মেন্দোজা, ফার্কের এই দুই ভিন্নমতাবলম্বী নেতার অনুসারীদের মধ্য সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এরা দুজনেই ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। সরকারের সঙ্গে ওই চুক্তি অনুযায়ী কলম্বিয়ার বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ১৩ হাজার সদস্য অস্ত্র ত্যাগ করে শান্তিপূর্ণ জীবনে ফিরে গিয়েছিল।

দিয়াজ মেন্দোজার নেতৃত্বাধীন গেরিলা দলটি পেত্রোর সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত ছিলেন। কিন্তু ভেরা কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ চালিয়ে যান। ২০২৪ সালে ভেরার উপদলের সঙ্গে বিদ্যমান একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি স্থগিত করে পেত্রোর সরকার।

কলম্বিয়ায় ছয় দশকেরও বেশি সময় ধরে চলা এসব সশস্ত্র সংঘর্ষের ঘটনায় চার লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।