বিশেষ প্রতিবেদন
গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বুধবার (১০ জুন) বিকেলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় উত্তরা ইউনিভার্সিটির অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে কাত হয়ে পড়ে যায়। বাসটিতে উত্তরা ইউনিভার্সিটির প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাঁরা শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন ও পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শ্রীপুরের মাওনায় আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। আহতদের মধ্যে ২০ জনকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।