গাজীপুর কণ্ঠ ডেস্ক
নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন এই কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) তথ্য অনুযায়ী, পুরো ৩৭টি সরকারি মেডিকেল কলেজে গুরুতর শিক্ষক ঘাটতি রয়েছে এবং অনুমোদিত শিক্ষকের ৪২.৬ শতাংশ পদ খালি রয়েছে। ৬ হাজার ৪৪৬টি অনুমোদিত পদের মধ্যে ২ হাজার ৭০০টি খালি রয়েছে। ঘাটতি সবচেয়ে বেশি অধ্যাপক পর্যায়ে, যেখানে ৬৪.৬৫ শতাংশ পদ খালি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পর নির্মিত মাগুরা, নীলফামারী, হবিগঞ্জ, চাঁদপুর, নওগাঁ ও নেত্রকোণা—এই ছয়টি মেডিকেল কলেজের মান নিয়ে উদ্বেগ রয়েছে। এই কলেজগুলোর স্থায়ী ক্যাম্পাস নেই, হাসপাতালের সঙ্গে সংযুক্ত নয় এবং শিক্ষক সংকটসহ নানা সংকটের সম্মুখীন।
দেশে আর নতুন একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রয়োজন নেই বলে সোমবার বাজেট পরবর্তী এক আলোচনা সভায় বলেছেন বিশেষজ্ঞরা।
অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যালচনায় দেখা গেছে, বিগত বছরগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনিয়মের ফলে সরকারি ও বেসরকারি কিছু কলেজে চিকিৎসা শিক্ষার মান কমে গেছে।
মন্ত্রণালয়ের মতে, অবকাঠামোগত দুর্বলতা, আটটি মূল বিষয়ের শিক্ষক ঘাটতি এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পর্যাপ্ত রোগীর অভাব চিকিৎসা শিক্ষার মান কমার প্রধান কারণ।