গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন সোমবার (২২ জুন) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকালে কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধাদান ও হুমকি প্রদানের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রবিবার সকালে মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাছা থানা এলাকায় গিয়ে শেষ হয়। পথিমধ্যে এক পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে গেলে মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে একাধিকবার ‘একটাও সামনে আবি না, মাইরা লামু’ বলে হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় রবিবার রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৬২ জনকে নামসহ এবং আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, মামলার পর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া জিএমপির সদর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে।