গাজীপুর কণ্ঠ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি এবার গাজীপুরসহ পাঁচ জেলায় বিজিবি এবং রাজধানীতে ১৮ হাজার পুলিশ মাঠে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর ও মৌলভীবাজার — এই পাঁচ জেলায় ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, গাজীপুর জেলা এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) চার প্লাটুন বিজিবি সদস্য রাত আটটা থেকে মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ‘দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য জেলায় প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা ‘স্ট্যান্ডবাই’ থাকবেন।
একই দিন ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে, যা তাঁদের বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সরাসরি ব্যবস্থা নেওয়ার অধিকার দেয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সহিংসতার শঙ্কা কয়েকদিন ধরেই আলোচনায় ছিল। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠায়। সেখানে আশঙ্কা করা হয়, দলটির কর্মীরা বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারেন।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়, এর ফলে এনসিপির নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ‘সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে’। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের ওপর ক্ষোভ প্রকাশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি।
রবিবার রাতে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুনকে ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মাঠে থাকবে। রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট পরিচালনা করা হবে বলেও জানানো হয়।