কালীগঞ্জে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা অনুষ্ঠিত

এ ধরনের কর্মশালা টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর দিকনির্দেশনা দেবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালীগঞ্জে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার নাগরীর নগরভেলা এলাকায় অবস্থিত মেঘবাড়ি রিসোর্টে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রাথমিক শিক্ষা বিভাগ এতে সহযোগিতা করে।

টেকসই ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কৌশল, পরিবেশ-সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।

অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, সবুজায়ন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ।

এছাড়াও উপজেলা শিক্ষা কমিটির সঙ্গে উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, অবকাঠামোগত চাহিদা এবং শিক্ষার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষক ও বিদ্যালয়গুলোকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ): আব্দুল্লাহ আল মামুন, ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা): মর্জিনা আক্তার, বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ): মো. মহসিন ভুঁইয়া, পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা): শারমিন আক্তার, জামালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ): মো. ইউসুফ কাজী, ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা): মুনমুন আক্তার, নাগরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক (লিডার ট্রেইনার): শাহানাজ বেগম, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়: বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট — বালিকা দল চ্যাম্পিয়ন: এসএম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট — বালক দল চ্যাম্পিয়ন: উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজকেরা বলছেন, এ ধরনের কর্মশালা টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর দিকনির্দেশনা দেবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।