গাজীপুর কণ্ঠ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই পরিবর্তন আনা হয়েছে — যেখানে মেয়াদ শেষের আগেই কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত মজলিসে শুরার ওই বিশেষ অধিবেশনে গাজী আতাউরকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত হয় — এর মধ্যে ছিল একলা চলে নির্বাচন করা, প্রার্থী বাছাইয়ে ত্রুটি এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দল সূত্র জানিয়েছে।
নবনিযুক্ত মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্বে ছিলেন।