ঢাকায় নভোএয়ার জরুরি অবতরণ: বিমানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এ ঘটনার প্রেক্ষিতে বেসরকারি এয়ারলাইন্সগুলোর পুরনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার আহ্বান জানান উপদেষ্টা।

ঢাকায় নভোএয়ার জরুরি অবতরণ: বিমানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে প্রায় ৪৫ মিনিট চক্কর দেওয়ার পর ঢাকায় জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় বিকিউ-৯৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই ত্রুটি ধরা পড়ে।

বিমানটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন, সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

উপদেষ্টা জানান, উড্ডয়নের অল্প সময় পরই বিমানের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে গুটিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

প্রায় পৌনে এক ঘণ্টা আকাশে অবস্থানের পর বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই সময়টিতে যাত্রীদের মধ্যে, বিশেষত শিশুদের মধ্যে আতঙ্ক ও কান্নাকাটি দেখা দেয় বলে জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, বিমান চলাচল বিষয়ে তিনি বিশেষজ্ঞ না হলেও ক্যাপ্টেনের সিদ্ধান্তকে যথাযথ মনে করেছেন তিনি।

এ ঘটনার প্রেক্ষিতে বেসরকারি এয়ারলাইন্সগুলোর পুরনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার আহ্বান জানান উপদেষ্টা। তার ভাষ্য, যাত্রী নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এবং নিয়মিত কার্যকর পরীক্ষা নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।