তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু

জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে।

তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপজুড়ে রেকর্ডভাঙা তাপদাহে চলতি বছরের জুনের শেষ সপ্তাহে ফ্রান্সে আরও অন্তত ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

দেশটির জনস্বাস্থ্য বিভাগ শুক্রবার (০৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। তারা এও বলেছেন, আগামী কয়েক দিনে ইউরোপের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র তাপদাহ দেখা দিতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট জানিয়েছেন, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সিদের মধ্যে মৃত্যুর হার বেড়েছে।

গত ২৪ জুন ফ্রান্সে দেশজুড়ে গড় হিসাবে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দেশের অর্ধেক এলাকায় সর্বোচ্চ স্তরের ‘রেড হিট অ্যালার্ট’ জারি করা হয়।

বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, বর্তমানে আজোরেস অঞ্চল থেকে পর্তুগাল ও স্পেনের দিকে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। এর প্রভাবে সপ্তাহান্ত নাগাদ ফ্রান্স এবং দক্ষিণ ব্রিটেনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বজুড়েই জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। তবে এর প্রভাব ইউরোপে আরও বেশি স্পষ্ট। কোপার্নিকাস জলবায়ু সেবার তথ্য অনুযায়ী, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে তাপমাত্রা বাড়ছে।

চলতি গ্রীষ্মের এই রেকর্ডভাঙা তাপমাত্রায় ইউরোপের বিভিন্ন দেশে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। 

বেলজিয়ামে তাপপ্রবাহে অতিরিক্ত ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেশি। মৃতদের প্রায় অর্ধেকেরই বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাপপ্রবাহের সময় এত বেশি মৃত্যুর ঘটনা তাদের জন্য নজিরবিহীন।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা শুক্রবার জানায়, ২২ থেকে ২৮ জুনের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৫ জন বেড়েছে, যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি। শুধু প্যারিসেই মৃত্যুর হার বেড়েছে ৬২ শতাংশ।

তাপপ্রবাহের সময় পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানান, ১৮ জুন থেকে এ পর্যন্ত পানিতে ডুবে ৭২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত সপ্তাহে নেদারল্যান্ডসে নজিরবিহীন তাপদাহের কারণে অতিরিক্ত প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশেরই বয়স ৮০ বছর বা তার বেশি।