গাজীপুর কণ্ঠ ডেস্ক
পথ আটকে ঘুষের টাকা ফেরত চেয়ে এক নারীর ফেসবুক লাইভ করার পর আলোচনায় আসা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আফরোজ শাহীন খসরুকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী সচিব হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।
তবে বিষয়টি জানাজানি হয় রবিবার (৫ জুলাই) বিকেলে। এর আগে ২৪ জুন তাঁকে তেঁতুলিয়া থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছিল, তবে তার মধ্যেই তাঁর বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠে।
২৯ জুন দুপুরের পর তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে ইউএনও খসরু হেঁটে যাওয়ার সময় রেহেনা বেগম উর্মি নামের এক নারী তাঁর পথ আটকান। এ সময় নিজের ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করে ওই নারী ঘুষ হিসেবে দেওয়া এক লাখ ৮০ হাজার টাকা ফেরত চান। ইউএনও তখন ওই নারীকে চেনেন না বলে দাবি করেন, এরপর দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। প্রায় সাড়ে নয় মিনিটের এই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
একই দিন সন্ধ্যায় রেহেনা বেগম পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ছেলেকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউএনও তাঁর কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়ায় তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। রেহেনা বেগম তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুরা এলাকার বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ও রিলস তৈরি করতেন।
ঘটনার পরদিন ৩০ জুন তেঁতুলিয়ায় দুই দফা মানববন্ধন করা হয় ইউএনওর পক্ষে। সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এবং সন্ধ্যায় স্থানীয় জনগণ ও সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি তোলা হয়।
এর মধ্যে গত বুধবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. মনোয়ার হোসেন বাদী হয়ে রেহেনা বেগমসহ সাতজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে থানায় মামলা করেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়। এদিকে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভয়ে বাড়ি ফিরতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন রেহেনা বেগম।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু সংবাদ মাধ্যমকে বলেন, তিনি গত শুক্রবার প্রত্যাহারের চিঠি পেয়েছেন। তবে দায়িত্ব ছাড়ার নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে যেদিন নির্দেশনা আসবে, সেদিনই তিনি দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানান।