তিন বাহিনীর ‘বঞ্চিতদের’ কাছে ফের আবেদন চাইল সরকার

গামী ১০ অগাস্টের মধ্যে সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।

তিন বাহিনীর ‘বঞ্চিতদের’ কাছে ফের আবেদন চাইল সরকার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

দেড়শ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার এক সপ্তাহের মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তদের মধ্যে স্বাভাবিক অবসর বা পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের কাছে আবার আবেদন চাওয়া হয়েছে।

তাদের আবেদন যাচাই বাছাই করার জন্য সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার এক কর্মকর্তাকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাদের আগামী ১০ অগাস্টের মধ্যে সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন পর্যালোচনা সাপেক্ষে কমিটিকে আগামী ১ ডিসেম্বর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী (প্রধানমন্ত্রী তারেক রহমান) কাছে সুপারিশ দিতে বলা হয়েছে।

চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ অগাস্ট পর্যন্ত যারা এই তিন বাহিনীতে চাকরি করার সময় ‘বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন’ তারা আবেদন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এ প্রক্রিয়ার বিষয়ে অবহিত মন্ত্রণালয়ের এমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রজ্ঞাপন হওয়ার তথ্য দিয়েছেন। তবে বক্তব্য দেওয়ার জন্য অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি।

এর আগে গত ১ জুলাই জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীসহ ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসরে যাওয়ার ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেদিনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল।

সূত্র: বিডিনিউজ