আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী

নিজের ঘর নোংরা রাখলে যেমন তার মাশুল নিজেকেই দিতে হয়, তেমনি নিজের এলাকা বা দেশের পরিবেশের যত্ন না নিলে এর ভুক্তভোগীও নিজেরাই হবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেই দেশ থেকে স্বৈরাচার হটানো সম্ভব হয়েছে, এবার সেই ঐক্য নিয়েই দেশের উন্নয়নে কাজ করার সময় এসেছে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে জনসাধারণের উদ্দেশে এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন, এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের সময়কার সর্বদলীয়, সর্বধর্মীয় ঐক্যের কথা স্মরণ করিয়ে দেন এবং সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে তার তুলনা করেন। তার ভাষায়, সকল শ্রেণি-পেশা ও মতের মানুষ রাজপথে নেমেই সাম্প্রতিক সরকার পরিবর্তন সম্ভব করেছে, এবং একই ঐক্য নিয়ে এগোলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে।

পরিবেশ সুরক্ষাকে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের দায়িত্ব না বলে সবার সম্মিলিত দায়িত্ব হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বাড়ি, অফিস, স্কুল-কলেজ ও হাসপাতাল এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

স্থানীয় সাগরদী খালকে এলাকার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই খালের যত্ন নেওয়া কেবল সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, বরং খালপাড়ের বাসিন্দাদেরও এতে ভূমিকা রাখতে হবে। প্লাস্টিকের বোতল, পলিথিন ও টিস্যু পেপারের মতো বর্জ্য খালে ফেলার প্রবণতার সমালোচনা করে তিনি উপস্থিত জনতাকে এসব বর্জ্য নির্ধারিত বিনে ফেলার বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

এছাড়া খালের অপর পাড়ে সংযুক্ত একটি পাইপলাইনের প্রসঙ্গ টেনে তিনি সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান, যেন বাসাবাড়ির পানি ও পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি খালে সংযুক্ত না রেখে পৃথক নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হয়।

নিজের ঘর নোংরা রাখলে যেমন তার মাশুল নিজেকেই দিতে হয়, তেমনি নিজের এলাকা বা দেশের পরিবেশের যত্ন না নিলে এর ভুক্তভোগীও নিজেরাই হবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিদেশের সুন্দর পরিবেশ নিয়ে আক্ষেপ করার বদলে নিজ দেশকে সুন্দর রাখার তাগিদ দেন তিনি।

কর্মসূচিতে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খালের দুই পাড়ে একটি করে গাছ রোপণ করেন। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরে তার শেষ কর্মসূচি ছিল শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়।

সূত্র: বাসস