গাজীপুর কণ্ঠ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তা বা উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের পাশে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে।
তারেক রহমান বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য কাজটি কঠিন হলেও ইচ্ছাশক্তি থাকলে তা সম্ভব। তিনি বলেন, সরকার তাদের পথ দেখানোর চেষ্টা করবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকবে।
অনুষ্ঠানে আটটি বিশ্ববিদ্যালয়ের দুইশরও বেশি শিক্ষার্থীর পাশাপাশি সফল উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তার ব্যবসায়িক জীবনের প্রসঙ্গ টেনে বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি স্বল্প সময়ের জন্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি অতীতে তার ওপর হওয়া নির্যাতনের কথাও স্মরণ করেন এবং বলেন, ধৈর্য ধরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ (startup.ictd.gov.bd) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন।

নির্বাচিত ছয়টি স্টার্টআপকে অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। জামদানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রাফিহা ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনা মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্তির আবেদনের কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকেও একটি অনুদানের চেক দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামও বক্তব্য দেন।
সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতিমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য পাঁচশ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।