গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার উত্তরায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩নং সেক্টরের জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মুনসুর।
নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। তারা দুজনেই উত্তরা প্রেসক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন—সাকিবুল হাসান ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু ছিলেন আপ্যায়ন সম্পাদক।
পুলিশ জানিয়েছে, বড় পর্দায় ইংল্যান্ড-আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখার পর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। পথে উত্তরা ৩নং সেক্টরের জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।