গাজীপুর কণ্ঠ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ বলছে, বুধবার দিবাগত রাতে ঢাকার ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০শে মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দলীয় অভ্যন্তরীণ বিরোধ মেটাতে তিনি এর আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন।
কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীদের মধ্যে মোজাফফর হোসেনই প্রথম প্রেসিডেন্ট জিয়াকে শনাক্ত করেছিলেন।
হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী পাল্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়; পরে মঞ্জুর নিহত হন।
সামরিক আদালতে বিচারের পর বিদ্রোহে জড়িত থাকার দায়ে ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যান মোজাফফর হোসেন। তার নামে পুরস্কার ঘোষণা করা হলেও তিনি ধরা পড়েননি। দীর্ঘ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়, এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পারাপার করতেন বলেও অভিযোগ রয়েছে।