কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রবিবার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ সংবাদ মাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। বন্দি গণনার (গুনতি) সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম নজরে আসে।

কারাগারের একটি সূত্র জানায়, বন্দি পালিয়ে যাওয়ার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে কারা কর্মীদের একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বরত কারারক্ষীদের একাংশও তখন খেলা দেখছিলেন বলে অভিযোগ। এই সুযোগেই কারা প্রাচীর টপকে পালিয়ে যান রিম্পা।

ঘটনার পর শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে। মামলায় বলা হয়, কারা প্রাচীর টপকে পালিয়ে যান ওই নারী বন্দি।

চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

পলাতক থাকার তিন দিন পর রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিম্পাকে গ্রেপ্তার করে র‍্যাব।