কালীগঞ্জে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা

একই সঙ্গে কারখানাটি অন্যত্র সরিয়ে নদীর তীর দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

কালীগঞ্জে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জে উন্মুক্ত পরিবেশে পুরনো টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কারখানাটিতে টায়ার পুড়িয়ে তৈরি হতো ফার্নেস অয়েল নামক এক ধরনের তরল জ্বালানি, যা বয়লার গরম করতে ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 

রবিবার (১৯ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়রা জানান, উপজেলার তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী জমি দখল করে ইউরিনকো বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বাস, ট্রাক, সাইকেলসহ নানা যানবাহনের পুরনো টায়ার কাঠের আগুনে পুড়িয়ে পরিবেশ দূষণকরে তা গলিয়ে তৈরি করা হতো এক ধরনের কালো তেল, যা ফার্নেস অয়েল নামে পরিচিত। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমোদন ছাড়াই স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশে কারখানাটি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, টায়ার পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছিল। বাতাসের সঙ্গে মিশে যাওয়া ধোঁয়া ও কালি আশপাশের বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে পড়তো, যার ফলে ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি এলাকার শিশু ও বৃদ্ধরা কাশি, অ্যাজমা ও হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন। 

খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান প্রশাসনের কর্মকর্তারা। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে শীতলক্ষ্যা নদীর তীর দখল ও টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)–এর ৬(গ) ও ১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। একই সঙ্গে কারখানাটি অন্যত্র সরিয়ে নদীর তীর দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

জরিমানার অর্থ পরিশোধ করেন কারখানার প্রতিনিধি সোহেল রানা। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা হাছান আলীর ছেলে।