নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও এ ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্তের নাম লোকমান হোসেন (৭০)। তিনি বক্তারপুর ইউনিয়নের মোহানী এলাকার মৃত তরব আলীর ছেলে এবং এলাকায় লম্পট হিসেবে পরিচিত বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকালে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে বসতবাড়ির বারান্দায় নিয়ে গিয়ে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ ও আঘাত করা হয় এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত ভয় পেয়ে তাকে ছেড়ে দেন। এরপর যুবতী বাড়িতে গিয়ে পুরো ঘটনা তার মাকে জানান।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস বলেন, ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত লোকমান হোসেনের সন্ধান শুরু করে। এর আগেই তিনি পালিয়ে যান। মামলা দায়েরের পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, দুই বছর আগেও অভিযুক্ত এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছিলেন।