গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় একটি কলেজের সীমানাদেয়াল ধসে পড়ায় দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সোয়া একটার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের লাভ রোড-সংলগ্ন অংশে প্রায় আট ফুট উঁচু দেয়ালটি ভেঙে পড়ে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান।
পুলিশ কর্মকর্তা জানান, কলেজ চত্বরের বাইরের দেয়াল ঘেঁষে টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রি চলছিল, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন মূলত নারীরা। হঠাৎ দেয়ালটি তাঁদের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সময় রাস্তার অপর পাশে অবস্থানরত একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান, বিকট শব্দ পেয়ে তাকিয়ে দেখেন দেয়াল ভেঙে পড়েছে, এরপর আশপাশের লোকজন দ্রুত ইটের স্তূপ সরিয়ে চাপা পড়া মানুষদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কলেজেরই এক শিক্ষার্থী জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। তাঁর ধারণা, বছর কয়েক আগে নির্মিত দেয়ালটি সাম্প্রতিক বৃষ্টির কারণে দুর্বল হয়ে ধসে পড়ে থাকতে পারে।
ঘটনার পর কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষের কাউকে ক্যাম্পাসে পাওয়া যায়নি। জানা গেছে, তাঁরা আহতদের দেখতে হাসপাতালে গেছেন।