প্রবাসের জন্য বিদায় নিতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

প্রবাসের জন্য বিদায় নিতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

বিশেষ প্রতিনিধি

সৌদি আরব যাওয়ার আগে শ্বশুরবাড়িতে বিদায় জানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।

আগামীকাল বুধবার (২৯ জুলাই) সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ইয়াসিন আহমেদ ফাহিমের (২৭)। 

যাওয়ার আগে মঙ্গলবার (২৮ জুলাই) মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তামারচালা এলাকায় যাচ্ছিলেন তিনি।

পথে বেলা ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর টানকড্ডা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

নিহত ইয়াসিন আহমেদ ফাহিম ঢাকার পল্লবী থানার উত্তর কালশী বাউনিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন ঘটনার বিবরণ নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।