গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আগেই দুই লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছিল ‘আব্দুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু এরপরও গোপনে ফের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি।
এমন তথ্য পেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা এবং এর প্রতিনিধিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলম শেখকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কারখানাটি আবারও সিলগালা করে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১০ মে রাতে কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় প্রতিষ্ঠিত ওই কারখানায় র্যাবের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। সে সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিএসটিআইয়ের অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে, কোনো ল্যাব টেস্ট ছাড়াই ম্যাংগো জুসসহ বিভিন্ন ফ্লেভারের জুস উৎপাদন, মজুত ও বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নামে বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এসব পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এসব অভিযোগে সে সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ ঘোষণা, উৎপাদিত পণ্য জব্দ এবং কারখানা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এর কয়েক দিন পরই প্রতিষ্ঠানটি গোপনে নামসর্বস্বভাবে ফের কার্যক্রম শুরু করে, যা মঙ্গলবারের অভিযানে ধরা পড়ে।