পুলিশের উচ্চপর্যায়ে রদবদল ও পদোন্নতি, নতুন দায়িত্বে ১১ কর্মকর্তা

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল ও পদোন্নতি, নতুন দায়িত্বে ১১ কর্মকর্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

পুলিশ বাহিনীর উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল ও পদোন্নতির আদেশ জারি করেছে সরকার। এতে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে, পাশাপাশি ডিআইজি পদমর্যাদার আরও ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান। পদোন্নতির পর সায়েদুর রহমান ও ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে এবং কামরুল আহসানকে বিশেষ শাখায় (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ করা হয়েছে। সারদা পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ জি এম আজিজুর রহমান দায়িত্ব পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে। এ ছাড়া বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়। পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিমকে পাঠানো হয়েছে খুলনা রেঞ্জে, আর খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে আনা হয়েছে ঢাকা রেঞ্জে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক করা হয়েছে। বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশে এবং মেট্রোরেলের (মাস র‍্যাপিড ট্রানজিট) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে বিশেষ শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।