সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শয়নকক্ষে ঢোকার পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙেন এনসিপি নেতা শাহিন কাদিরের স্বজনরা।

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বসতঘর থেকে এক এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শহরের পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন কাদির (৪৮) ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, রাত ৮টার দিকে নিজ শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন শাহিন। পরবর্তীতে রাতের খাবারের জন্য ডাকাডাকি করা হলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ের সঙ্গে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা।

ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঘরের বাঁশের আড়ের সঙ্গে তিনি ঝুলছিলেন। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই।