সৌদি আরবে কারখানায় বিস্ফোরণ: কালীগঞ্জের আরেক প্রবাসীর মৃত্যু

অল্প কয়েক সপ্তাহের মধ্যে চারজন প্রবাসীর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সৌদি আরবে কারখানায় বিস্ফোরণ: কালীগঞ্জের আরেক প্রবাসীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন কালীগঞ্জের আরো একজন প্রবাসী শ্রমিক। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ আব্দুল্লাহ, বয়স ৩০ বছর। তিনি কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইসমাইল হোসেনের ছেলে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, আব্দুল্লাহ প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান এবং সবশেষ গত আগস্ট মাসে ছুটি কাটিয়ে সেখানে ফিরেছিলেন। তিনি রিয়াদের নতুন শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ‘আল-সানাইয়া আল-জাদিদা’—স্থানীয়ভাবে যা দ্বিতীয় শিল্পনগরী নামে পরিচিত—এলাকার একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন।

বৃহস্পতিবার কাজ চলাকালে কারখানার একটি পাইপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল্লাহসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। তবে নিহত অন্যদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলো বাংলাদেশে পাঠানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

উল্লেখ্য : এর কয়েক দিন আগে, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রিয়াদে কালীগঞ্জের আরও দুই প্রবাসী শ্রমিক মারা যান। এই খবর গতকাল বৃহস্পতিবার জানাজানি হয়।

নিহত দুজন হলেন মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর খন্দকার (৪৪) এবং ধনপুর ফকিরপাড়া এলাকার ফরহাদ ফকির (৩৫)। দুজনই নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এসব ঘটনার আগে, গত ৩০ আগস্ট স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা জেলার একটি বাইসাইকেল গ্যারেজে আগুন লাগার ঘটনায় প্রাণ হারান কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার যুবক ইউসুফ হাসান আলিফ (২৭)। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১১ সেপ্টেম্বর ভোরে তাঁর মরদেহ দেশে পৌঁছায়।

এভাবে অল্প কয়েক সপ্তাহের মধ্যে চারজন প্রবাসীর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, স্পেনে একজন এবং রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য তাঁরা পেয়েছেন। তবে কারখানায় বিস্ফোরণে মৃত্যুর ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরো জানতে…..