পূবাইলে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর, গ্রেপ্তার চার

প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই রিসোর্টটি ভাড়া করে এই ডিজে পার্টির আয়োজন করা হয়।

পূবাইলে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর, গ্রেপ্তার চার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর মহানগরের পূবাইলে একটি রিসোর্টে আয়োজিত ডিজে পার্টিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে এক্সটাসি ট্যাবলেট, কোকেন ও বিদেশি মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে চলে এই অভিযান। 

পূবাইল রিসোর্ট ক্লাবে ‘সনিক পালস’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।

গ্রেপ্তার চারজন হলেন মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) এবং কাসফিয়া নিশাত (২৫)। তারা সবাই ঢাকার ধানমন্ডি ও উত্তরা এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলছেন, অভিযানে জব্দ তালিকায় রয়েছে—২১ পিস এমডিএমএ বা এক্সটাসি (১০ গ্রাম), ২৪ গ্রাম গাঁজাজাতীয় মাদক কুশ, ১ গ্রাম কোকেন, চার বোতল (সাড়ে তিন লিটারের বেশি) বিদেশি মদ, ২০ গ্রাম মাদকমিশ্রিত গামি ক্যান্ডি, একটি ডিভিআর এবং একাধিক আইফোনসহ বিভিন্ন মোবাইল ফোন।

গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়, প্রধান কার্যালয়ের গোয়েন্দা শাখা, ঢাকা মেট্রোর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং গাজীপুর জেলা কার্যালয় মিলে প্রায় ৮০ জনের একটি যৌথ দল গঠন করা হয়। এই দল পূবাইল রিসোর্ট ক্লাবের ‘টিউবরোজ’ ও ‘গোমতী’ নামের দুটি কটেজে তল্লাশি চালায়, যেখান থেকে হাতেনাতে আটক হন অভিযুক্তরা।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই তানজিম, তুষার ও রাহাত মিলে রিসোর্টটি ভাড়া করে এই ডিজে পার্টির আয়োজন করেন। অভিযোগ, আয়োজনের আড়ালে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে দামি সিনথেটিক মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।